মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি বিমানবন্দর নিজেদের দখলে নিয়েছে দেশটির জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার (২৪ জুন) রাখাইন রাজ্যের উপকূলীয় শহর নাগাপালির থান্ডওয়ে বিমানবন্দর দখলে নিয়েছে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটি। আরাকান আর্মির ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী।
থান্ডওয়ে বিমানবন্দর বিখ্যাত এনগাপালি সমুদ্র সৈকতের আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে পরিচিত। জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু হওয়ার পর এবারই প্রথমাবের মতো কোনো বিমানবন্দর দখলে নিলো জাতিগত সশস্ত্র গোষ্ঠী।
সূত্রটি ইরাবতীকে বলেছে, আরাকান আর্মি থান্ডওয়ে বিমানবন্দর দখল করেছে। এ সময় ১৩২ জান্তা সেনা এবং ৪৭ জন পুলিশ ও তাদের পরিবারের সদস্যদের বন্দি করা হয়েছে।
রাখাইনের চারটি বিমানবন্দরের মধ্যে থান্ডওয়ে বিমানবন্দর একটি। তবে এই বিমানবন্দরটি দখলের বিষয়টি এখনও নিশ্চিত করেনি আরাকান আর্মি। থান্ডওয়েতে যুদ্ধের বিষয়ে মিয়ানমার সরকারও নীরব ছিল।
তবে সামরিক সরকার ঘেঁষা টেলিগ্রাম চ্যানেলে থান্ডওয়ে বিমানবন্দর পতনের বিষয়টি অস্বীকার করা হয়েছে।
২০২৩ সালের নভেম্বর মাস থেকে স্বায়ত্তশাসনের দাবিতে রাখাইনে জান্তা বাহিনীর ওপর হামলা করে আসছে আরাকান আর্মি। ইতোমধ্যে ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী বেশ কিছু অঞ্চল জান্তার হাত থেকে নিজেদের দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। ফলে বিরোধীদের চাপে জর্জরিত জান্তা সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে চলেছে আরাকান আর্মি।
-পার্বত্য সময়

