থাইল্যান্ড–মালয়েশিয়া সমুদ্রসীমার কাছে ভয়াবহ নৌকাডুবিতে শতাধিক মানুষ নিখোঁজ হয়েছেন। তিন দিন আগে ডুবে যাওয়া নৌকাটি থেকে এখন পর্যন্ত এক নারীসহ মোট ১১ জনকে উদ্ধার করা হয়েছে। এদের ১০ জন জীবিত, একজন মৃত উদ্ধার করা হয়। নিখোঁজদের সংখ্যা শতাধিক বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর- রয়টার্স।
মালয়েশিয়ার কেদাহ পুলিশ প্রধান দাতুক আদজলি আবু শাহ বলেন, নৌকাটি প্রায় ৩০০ জনকে বহনকারী একটি বৃহত্তর জাহাজের অংশ ছিল, পরে চোরাকারবারিরা মালয়েশিয়ার জলসীমার কাছাকাছি আসার পর তাদের তিনটি ছোট নৌকায় স্থানান্তরিত করে। তিন দিন আগে, যখন তারা সীমান্তের দিকে এগিয়ে আসছিল, তখন দলটিকে সিন্ডিকেট বিভক্ত করে তিনটি ছোট নৌকায় স্থানান্তরিত করে, প্রতিটি নৌকায় প্রায় ৯০ জন ছিল।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বারনামা জানায়, উদ্ধার হওয়াদের মধ্যে তিনজন মিয়ানমারের নাগরিক, দুইজন রোহিঙ্গা এবং একজন বাংলাদেশি পুরুষ রয়েছেন। উদ্ধার হওয়া মৃতদেহটি এক রোহিঙ্গা নারীর।
রোহিঙ্গা মুসলমানরা দীর্ঘদিন ধরে মিয়ানমারে নিপীড়নের শিকার। নাগরিকত্বহীনতা, সহিংসতা ও নির্যাতন থেকে বাঁচতে তারা প্রায়ই প্রাণের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে। তবে সমুদ্রের প্রতিকূলতা ও সময় গড়িয়ে যাওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


