ভারতের ‘অপারেশন সিন্দুর’ চালিয়ে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে কথিত জঙ্গি প্রশিক্ষণ শিবিরে হামলার ঘটনায় বিশ্বজুড়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। ইসলামাবাদ পাল্টা হামলার দাবি করে এটিকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে অভিহিত করেছে। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে একের পর এক বিবৃতি আসছে। চীন ভারতের সামরিক অভিযানে দুঃখ প্রকাশ করলেও সবাই সংযমের কথা বলছেন।
যুক্তরাষ্ট্র: যুদ্ধ নয়, শান্তি চান ট্রাম্প ও রুবিও
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে ‘দুঃখজনক’ বলে আখ্যায়িত করে বলেন, “অনেক দিন ধরেই তারা যুদ্ধ করে আসছে। আমি আশা করি এটি খুব শিগগিরই শেষ হবে।”
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে দেওয়া বার্তায় বলেন, “আমি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। আমরা উভয় দেশের নেতৃত্বের সঙ্গে যুক্ত থেকে শান্তিপূর্ণ সমাধানে কাজ করে যাব।”
জাতিসংঘ: 'ভারতীয় সামরিক অভিযান নিয়ে গভীর উদ্বেগ'
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “ভারতের সামরিক অভিযান নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দুই দেশের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।”
তিনি আরও বলেন, “বিশ্ব ভারত-পাকিস্তান যুদ্ধ সহ্য করতে পারবে না।”
ফ্রান্স: সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান, তবে শান্তি জরুরি
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “ভারতের সন্ত্রাসবিরোধী অবস্থান আমরা বুঝি। তবে উভয় পক্ষকে সংযম দেখাতে হবে। যুদ্ধ নয়, এখন প্রয়োজন শান্তি ও বেসামরিকদের নিরাপত্তা।”
জাপান: সন্ত্রাসের নিন্দা, উত্তেজনা প্রশমনের আহ্বান
জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, “কাশ্মীরে ২২ এপ্রিল সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। কিন্তু বর্তমান উত্তেজনা যেন পূর্ণমাত্রার যুদ্ধ পরিস্থিতিতে না পৌঁছে—এজন্য উভয় দেশকেই সংযম দেখাতে হবে।”
আরব আমিরাত: কূটনীতিই একমাত্র পথ
আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন সুলতান বিন জায়েদ আল নাহিয়ান বলেন, “ভারত ও পাকিস্তানকে আমরা কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিই আমাদের যৌথ লক্ষ্য হওয়া উচিত।”
ইসরায়েল: ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন
ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার এক্সে বলেন, “ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। সন্ত্রাসীদের বোঝা উচিত, তারা নিরীহ মানুষের ওপর হামলার দায় থেকে পালাতে পারবে না।”
রাশিয়া: দুই দেশের প্রতি সংযমের আহ্বান
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। “আমরা উভয় দেশের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করি।”
চীন: ভারতের অভিযান নিয়ে উদ্বেগ, সংযম চায় বেইজিং
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আমরা ভারতের সামরিক অভিযানে দুঃখ প্রকাশ করছি। চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। একই সঙ্গে আমরা উভয় দেশকে অনুরোধ করছি—শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিন, এবং এমন কিছু করবেন না যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।”

-পার্বত্য সময়