ভারতে চলছে লোকসভা ভোটের গণনা। প্রায় তিন মাস ধরে চলা সাত দফা ভোটের চূড়ান্ত ফলাফল আজই ঘোষণা হতে চলছে। কিন্তু দেশটির বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষার ফল বলেছিল কেন্দ্রে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও কুরসিতে বসতে চলছে মোদী। বাংলাদেশের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের সমীক্ষাতেও সেরকম আভাস দিয়েছে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা। কিন্তু সকাল থেকে তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না। রাজ্য সরকারের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসই আবার বড় ব্যবধানে জিততে চলেছে বলে ধারণা করা হচ্ছে।
লোকসভা নির্বাচনের রেজাল্ট আউটের প্রতিটি মুহূর্ত টানটান উত্তেজনায় কাটছে সব শিবিরের নেতা, মন্ত্রী, প্রার্থীদের। গণনার প্রাথমিক ট্রেন্ড দেখে কেউ কেউ খানিক স্বস্তির নিঃশ্বাস ফেললেও পরমুহূর্তেই তা উধাও। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের কাছে কালীঘাটে তৃণমূলের দলীয় কার্যালয় কর্মী-সমর্থকদের জমায়েত হচ্ছে। গণনার কয়েক রাউন্ড শেষে বহু কেন্দ্রেই এগিয়ে থাকতে দেখা গেল তৃণমূল প্রার্থীদের। আর তাতেই উচ্ছ্বসিত ঘাসফুল শিবির। রীতিমতো সেলিব্রেশনের প্রস্তুতিও শুরু হয়েছে। 
পশ্চিমবঙ্গের একটি স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বারাসত, বর্ধমানে সবুজ আবির নিয়ে খেলাও শুরু হয়েছে। দুপুর গড়াতেই কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে প্যান্ডেল বাঁধার প্রস্তুতি চলছে জোরকদমে। গণনার ট্রেন্ড ফলপ্রকাশ পর্যন্ত বজায় থাকলে, দিকে দিকে তৃণমূল প্রার্থীরা জয়ী হলে তাদের পরিকল্পনা, সন্ধেবেলাই জমজমাট উদযাপন হবে কালীঘাটে। সেখানে থাকতে পারেন দলনেত্রীও। দুপুর থেকে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
এক্সিট পোলে  উনিশের তুলনায় তৃণমূল কম আসন পাবে, এমন আভাস ছিল। সেসব অবশ্য নস্যাৎ করে বার বার ঘাসফুল শিবির কর্মীদের চাঙ্গা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বার্তা দিয়েছেন, এক্সিট পোল নিয়ে ভাবার কিছু নেই। গণনাকেন্দ্রের মাটি আঁকড়ে পড়ে থাকতে হবে। সেখানে যাতে অন্যান্য রাজনৈতিক দলগুলি কোনও কারচুপি করতে না পারে, তার জন্য সতর্ক করে দেন অভিষেক। সেইমতো কাজও করেছেন নির্বাচনী এজেন্টরা। উনিশের তুলনায় বঙ্গে সবুজ ঝড়ের দাপট বৃদ্ধির ইঙ্গিত পেতেই শুরু হয়েছে আগাম সেলিব্রেশন।

-পার্বত্য সময়