জাপানের একদিনে ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ৩০ জনের নিহতের সংবাদ পাওয়া গেছে এছাড়াও গুরুতর আহত হয়েছে আরও অন্তত ১৪ জন। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন আরও অনেকে। তাদের উদ্ধারে উদ্ধার অভিযান চলছে। মঙ্গলবার (২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।
জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটিতে সোমবার ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামির সতর্কতা জারি এবং হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। ইংরেজি বর্ষ শুরুর দিন অর্থাৎ ১লা জানুয়ারি তীব্র শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে জাপানের হোনশু দ্বীপের ইশিকাওয়া প্রিফেকচারে। এতে এক মিটারের বেশি উচ্চতার সুনামি দেখা দেয়। উপড়ে পড়ে ভবন। একটি বড় বন্দরে আগুন ধরে যায়। রাস্তাঘাট ভেঙেচুরে দুমড়ে মুচড়ে যায়।
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পরপরই ওই সিরিজ ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিন আঘাত হানা বেশিরভাগ কম্পনই ৩ মাত্রার বেশি ছিল। তবে মঙ্গলবার ভোরে দেশটিতে ছয়টি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।
মঙ্গলবার জাপানের কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে দেশটিতে কমপক্ষে ৩০ জন মারা গেছেন। গুরুতর আহত হয়েছে আরও অন্তত ১৪ জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন আরও অনেকে। তাদের উদ্ধারে কাজ করছেন দমকল বাহিনী।
এছাড়া ভূমিকম্পের জেরে জাপানে এক মিটার উঁচু সুনামির ঢেউয়ের আঘাতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগের জেরে দেশটিতে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।
স্থানীয় জ্বালানি সরবরাহকারী সংস্থা জানিয়েছে, মঙ্গলবার জাপানের ভূমিকম্প কবলিত অঞ্চলের প্রায় ৩২ হাজার ৭০০টি পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে
-পার্বত্য সময়