গাজায় বিরামহীন হামলার কারণে ত্রাণসহায়তা পৌঁছানো যাচ্ছে না। এর ফলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।গাজায় ইসরায়েলি হামলা তীব্রতর হওয়ায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
বিরামহীন হামলার কারণে বাস্তুচ্যুত মানুষের কাছে ত্রাণসহায়তা পৌঁছানো না গেলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলেছে, আবারও লড়াই শুরু হওয়ায় ত্রাণ বিতরণ করা যাচ্ছে না। ত্রাণকর্মীদের জীবন বিপন্ন হতে পারে। তার চেয়েও বড় কথা বেসামরিক সাধারণ মানুষ বিপর্যয়ের মুখে পড়েছেন।
ডব্লিউএফপি বলেছে, কর্মীদের জন্য গাজা ভূখণ্ডে নিরাপদ, বাধাহীন ও দীর্ঘকালীন যাতায়াতের ব্যবস্থা করে দিলেই তারা ত্রাণ পৌঁছে দিতে পারবে।
জাতিসংঘের সংস্থাগুলো বলছে, গাজায় প্রয়োজনীয় পর্যাপ্ত খাদ্যপণ্য নেই। পান করার মতো সুপেয় পানির সংকটে রয়েছেন বাসিন্দারা।
গাজার পরিস্থিতি মহাবিপর্যয়কর হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মানবাধিকারপ্রধান ফলকার টুর্ক। সেখানকার ফিলিস্তিনিরা ‘চূড়ান্ত বিভীষিকাময়’ পরিস্থিতির মুখে পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, রোগবালাই ছড়িয়ে পড়ছে। পর্যাপ্ত খাবার নেই। মানবিক সহায়তা পৌঁছানো যাচ্ছে না।
গাজার পরিস্থিতি প্রতি মিনিটে অবনতি হচ্ছে জানিয়ে জাতিসংঘের ফিলিস্তিনে ত্রাণসহায়তাবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ বলেছে, বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ স্থানে পরিণত হয়েছে গাজা।

