ভারতের গ্লোবাল সাউথের নেতা হওয়ার প্রচেষ্টায় চীনের অর্থনৈতিক ও কৌশলগত উত্থান বড় বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে রোববার (১৬ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

দিল্লিতে চতুর্থ জেনারেল বিপিন রাওয়াত স্মারক বক্তৃতায় তিনি বলেন, "চীনের উত্থান জটিলতা বৃদ্ধি করছে, প্রতিযোগিতা তৈরি করছে এবং গ্লোবাল সাউথের স্বাভাবিক নেতা হওয়ার পথে ভারতের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।"

ভারতীয় সেনাপ্রধান আফ্রিকার সম্ভাবনার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "ভূগোল, জনসংখ্যা, গণতন্ত্র এবং ভূ-কৌশলগত অবস্থানের কারণে ভারতের অবস্থান গুরুত্বপূর্ণ হলেও আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি।"

তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গ্লোবাল সাউথের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি শান্তিরক্ষা অভিযানে ভারতের নেতৃত্ব এবং প্রতিরোধমূলক পারমাণবিক নীতির ওপর গুরুত্বারোপ করেন।

জেনারেল দ্বিবেদী আরও বলেন, "ভারতীয় সেনাবাহিনী জাতির পাশে থাকবে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সর্বদা প্রস্তুত থাকবে।"
 

-পার্বত্য সময়