ইরান-ইসরায়েল ১২ দিনের সামরিক সংঘাতে ইরানের একটি পাল্টা হামলায় ৩০ জন ইসরায়েলি বৈমানিক নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি। তেহরানভিত্তিক সংবাদ সংস্থা মেহের–এ প্রকাশিত এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এই তথ্য দেন।
হাসান কাজেমি কুমি বলেন, “এটি দখলদার ইসরায়েলি শাসনের জন্য কোনো ছোট ঘটনা নয়। এই ক্ষতি তাদের সামরিক পরিকাঠামোয় বড় ধাক্কা হিসেবে কাজ করেছে। সম্ভবত এই কারণেই তেলআবিব এখন পর্যন্ত বিষয়টি গোপন রেখেছে।”
তিনি আরও বলেন, “ইসরায়েল ও তার মিত্রদের মূল উদ্দেশ্য ছিল ইরানে সরকার পরিবর্তনের মাধ্যমে ওয়াশিংটনের প্রভাব ফিরিয়ে আনা। কিন্তু তারা এক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বরং ইরানের বিপ্লবী গার্ডের প্রতিক্রিয়া শত্রুর বড় পরিকল্পনা ভণ্ডুল করে দেয়।”
উল্লেখ্য, গত ১৩ জুন থেকে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধের সময় ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনাগুলোর ওপর একাধিক বিমান হামলা চালায়। ২২ জুন যুক্তরাষ্ট্রও হামলায় অংশ নিয়ে ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহান পারমাণবিক কেন্দ্রে আঘাত হানে।
জবাবে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ বাস্তবায়নের অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত শহরগুলোতে অন্তত ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের কাতারঘাঁটি আল-উদেইদে পাল্টা মিসাইল হামলাও চালানো হয়।
সবশেষে, গত ২৪ জুন উভয় পক্ষের সম্মতিতে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনো বহাল রয়েছে।

-পার্বত্য সময়