ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ অবস্থায় ওই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
মঙ্গলবার (৩ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি-কে দেওয়া এক বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদে এ দাবি করেন। তিনি বলেন, হরমুজ প্রণালী এখন পুরোপুরি ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর অধীনে রয়েছে এবং এই নৌপথে যেকোনো অনাকাঙ্ক্ষিত তৎপরতার কঠোর জবাব দেওয়া হবে।
এই ঘোষণাটি এসেছে এমন এক সময়, যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও সংঘাতের উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর এক দিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনী প্রয়োজনে সেগুলোকে পাহারা দিয়ে এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে।
এদিকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের অ-জরুরি কূটনৈতিক কর্মীদের জন্য নতুন সতর্কতা জারি করেছে। ওয়াশিংটন সৌদি আরব, ওমান এবং সাইপ্রাস থেকে দূতাবাসের অ-জরুরি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় প্রত্যাহারের অনুমতি দিয়েছে।
একই সঙ্গে কুর্দি নেতাদের সঙ্গে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার খবরও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। হরমুজ প্রণালী ঘিরে ইরানের এই কঠোর অবস্থান বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও আন্তর্জাতিক নৌ-নিরাপত্তাকে গভীর অনিশ্চয়তার মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।


