ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, চলমান সংঘাতের সমাপ্তি যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই নির্ধারণ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে বলে মন্তব্য করার পর এমন প্রতিক্রিয়া জানায় ইরানের এই শক্তিশালী সামরিক বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্স–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে, তাহলে তেহরান এই অঞ্চল থেকে ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেবে না।

এদিকে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক তেলবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হওয়ায় বিষয়টি বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত দিলেও ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার হুমকি দিয়ে রেখেছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেওয়া অব্যাহত রাখে, তাহলে আরও ভয়াবহ হামলা চালানো হবে।

ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর মঙ্গলবার সকালে এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েল–এর দাম প্রায় ৮ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৫০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দামও প্রায় ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।