বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান হারিয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। এই তালিকায় শীর্ষে উঠেছেন বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। খবর এনডিটিভি।
ফলে প্রায় ৯ মাস ধরে তালিকায় শীর্ষে থাকা এ অবস্থান হারিয়েছেন মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্স, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সের এ তথ্য মঙ্গলবার (৫ মার্চ) এনডিটিভির প্রতিবেদনে প্রকাশ করা হয়।
২০২১ সালের পর প্রথমবারের মতো এ তালিকায় সবার ওপরে নাম উঠল ৬০ বছর বয়সী বেজোসের।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, গতকাল টেসলার শেয়ারের ৭ দশমিক ২ শতাংশ দরপতন হয়। ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ এখন ১৯৭ দশমিক ৭ বিলিয়ন ডলার এবং বেজোসের সম্পদ ২০০ দশমিক ৩ বিলিয়ন ডলার।
৫২ বছর বয়সী মাস্ক ও বেজোসের মধ্যে সম্পদের ব্যবধান ছিল ১৪২ মিলিয়ন ডলান, যা এখন কমে এসেছে। ২০২২ সালের শেষের দিক থেকে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের শেয়ার দ্বিগুণেরও বেশি বেড়েছে, অন্যদিকে টেসলা প্রায় ৫০ শতাংশ নিচে নেমেছে।
অ্যামাজনের পাশাপাশি মহাকাশে মানুষবাহী রকেট পাঠানো প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিনের’ প্রতিষ্ঠাতাও জেফ বেজোস।
২০১৭ সালে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে ছাড়িয়ে শীর্ষ ধনীর তালিকায় ওঠেন জেফ বেজোস। অবশ্য পরবর্তী সময়ে শীর্ষ ধনীর স্থান হারান তিনি।
৫২ বছর বয়সী ইলন মাস্ক ২০২১ সাল থেকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান কমবেশি নিজের দখলে রেখেছিলেন। এবার সেই অবস্থানে হানা দিলেন ৬০ বছরের বেজোস।
 

-পার্বত্য সময়