ভারতের মিজোরাম রাজ্যের লুংলেই জেলার পুকপুই এলাকায় আসাম রাইফেলস অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেথামফেটামিন ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ১০ কোটি ৪৩ লাখ টাকা।
আটক ব্যক্তিরা হলেন- সপনা চাকমা ও পুন্যসূর চাকমা। জানা গেছে, তারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর সদস্য এবং সংগঠনের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ সহযোগী।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই মাদকদ্রব্য মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশসহ অন্য দেশে পাচার করা হতো। আটককৃতদের লুংলেই এক্সাইজ ও নারকোটিকস বিভাগে হস্তান্তর করে মামলা প্রক্রিয়া শুরু হয়েছে।
এছাড়া একই দিনে মিজোরামের চামফাই জেলার ত্লাংসাম এলাকায় ৬৩ কেস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৮১ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, এসব সিগারেটও জেএসএস সংশ্লিষ্ট একটি চক্রের মাধ্যমে পাচার হচ্ছিল।
এই ঘটনায় মিজোরামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

-পার্বত্য সময়