ইজরায়েলের নাগরিকদের দেশে প্রবেশ নিষিদ্ধ করতে চলেছে মুসলমান সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপ। দেশটির ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে খবর।
মালদ্বীপ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, তারা ইজরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করার জন্য দেশের আইনে প্রয়োজনীয় সংশোধন করবে।
এদিকে ইজরায়েল সরকার মালদ্বীপে থাকা তাদের নাগরিকদের অবিলম্বে ওই দেশ ত্যাগ করার পরামর্শ দিয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে কোনও সমস্যা দেখা দিলে, মালদ্বীপ থেকে ইজরায়েলিদের সরাতে সমস্যা হতে পারে। সে কথা ভেবেই নাগরিকদের উদ্দেশে এই বার্তা দিয়েছে জেরুজালেম। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মাঝে মালদ্বীপের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।
প্রায় আট মাস ধরে যুদ্ধ চলছে পশ্চিম এশিয়ায়। প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে গত অক্টোবরে যুদ্ধ ঘোষণা করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার পর থেকে দুই তরফেই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। মারা গিয়েছেন হাজার হাজার মানুষ। গাজায় হামলার প্রতিবাদেই মলদ্বীপ ইজরায়েলি নাগরিকদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
মালদ্বীপের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতি বছর ভারতের দক্ষিণ-পশ্চিমের এই দ্বীপরাষ্ট্রে পৃথিবীর নানা প্রান্ত থেকে ১০ লক্ষের বেশি বিদেশি পর্যটক আসেন। তাদের মধ্যে ইজরায়েল থেকে আসেন অন্তত ১৫ হাজার মানুষ।
-পার্বত্য সময়

