ভারতের পূর্বাঞ্চলীয় পার্বত্য রাজ্য মণিপুরে রোববার (৯ মার্চ) থেকে কুকি-জো সম্প্রদায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাক দিয়েছে। ধর্মঘটের পেছনে রয়েছে সম্প্রদায়ের প্রতি প্রশাসনিক আচরণ এবং জাতিগত সহিংসতার বিষয়ে তাদের প্রতিবাদ।
মণিপুরের কাংপোকপি জেলায়, যেখানে উপজাতি সংখ্যাগরিষ্ঠ, সম্প্রতি কুকি সম্প্রদায়ের সাথে পুলিশের সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্য এবং একাধিক নারীও রয়েছেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ায় সংঘর্ষপ্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত সেনা মোতায়ন করা হয়েছে।
এদিকে সেনা অভিযানে মণিপুরের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অন্তত ১৭ জন সদস্যকে আটক করা হয়েছে।
মণিপুরে চলমান জাতিগত সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে, গত মাসে মুখ্যমন্ত্রী বিরেন সিং এর পদত্যাগের পর রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়, যার ফলে রাজ্য প্রশাসন কেন্দ্রের হাতে চলে যায়। গত দেড় বছর ধরে জাতিগত সংঘর্ষে মণিপুর উত্তপ্ত হয়ে উঠেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
-পার্বত্য সময়


