মিয়ানমারের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে ইন্দোনেশিয়ায় গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতন ও হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সোমবার দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এই মামলা করা হয়।

মামলাটি দায়ের করেন রোহিঙ্গা শরণার্থী ইয়াসমিন উল্ল্যাহসহ ইন্দোনেশিয়ার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। তাদের দাবি, রোহিঙ্গা গণহত্যার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইন্দোনেশিয়ার দণ্ডবিধি অনুযায়ী গুরুতর আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে, তা অন্য দেশে সংঘটিত হলেও বিচার করার এখতিয়ার রয়েছে। মামলার বাদীরা জানিয়েছেন, দেশটির প্রসিকিউটররা ইতোমধ্যে মামলাটি গ্রহণ করেছেন।

মামলার বাদী ইয়াসমিন উল্লাহ বলেন, ইন্দোনেশিয়ার আইনে এই প্রথমবারের মতো এ ধরনের মামলা গ্রহণ করা হলো, যা রোহিঙ্গাদের ন্যায়বিচারের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

উল্লেখ্য, মিয়ানমার ও ইন্দোনেশিয়া উভয়ই আসিয়ান–এর সদস্য হলেও সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের সামরিক শাসনকে ঘিরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

তবে এ বিষয়ে ইন্দোনেশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় কিংবা মিয়ানমারের জান্তা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।