রাখাইনে সামরিক জান্তার সর্বশেষ শক্ত ঘাঁটি মরাউক ইউ শহর নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি। এটিই ছিল রাখাইনে জান্তা বাহিনীর সর্বশেষ ঘাঁটি। জান্তাদের থেকে দেশটির ম্রউক উ’র শহর কেড়ে নিয়েছে বলে দাবি করেছে তারা। শহরটি বাংলাদেশের কক্সবাজার জেলার সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের একটু বেশি দূরত্বে রাখাইন রাজ্যে অবস্থিত।
তাদের দাবি, সামরিক জান্তার বিরুদ্ধে রাখাইনে যুদ্ধ অব্যাহত আছে। কিন্তু গত দুই দিনের যুদ্ধে তারা জান্তা বাহিনীর তিনটি নৌ ‘ল্যান্ডিং ক্রাফট' ডুবিয়ে দিয়েছে। খবর ইরাবতীর।
জানা যায়, মিনবাইয়া এবং কাইউকতোয়া শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। তবে এসব রিপোর্ট নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করতে পারেনি ইরাবতী। এই যুদ্ধ মনিটরিং করছেন একজন রাখাইন অধিকারকর্মী, তিনি বলেছেন ওই তিনটি শহর থেকে সামরিক জান্তার সেনাদের একেবারে তাড়িয়ে দেওয়া গেছে, এমনটা এত তাড়াতাড়িই বলা যাবে না।
শুক্রবারও রামরি শহর এবং এর আশপাশের গ্রামে সেনাবাহিনী কমপক্ষে ২৫টি গোলা নিক্ষেপ করেছে একটি নৌযান থেকে। একই দিনে ওই শহরে অবস্থিত থেইন টাউং কোনে প্যাগোডায় জান্তার একটি আউটপোস্টেও গোলা নিক্ষেপ করা হয়েছে।
শুক্রবার রামরি এবং রাথেডাংয়ের অধিবাসীরা বলেছেন, যুদ্ধ অব্যাহত আছে। জান্তা বাহিনী আকাশপথে অব্যাহত হামলা চালাচ্ছে। এর জবাবে আরাকান আর্মি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকজনকে হত্যা ও তাদের ওপর হামলা করছে সামরিক জান্তা।
এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, ম্রউক উ শহরের ৩১ পুলিশ ব্যাটালিয়নের হেডকোয়ার্টার দখলে নিয়েছে তারা। এর অর্থ হলো, ম্রউক উ শহরটি এখন আরাকান আর্মির দখলে।
-পার্বত্য সময়

