রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মিয়ানমারের জান্তা সরকারের সমর্থক ও প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষু সিতাগু সায়াদাও। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দাখিল করা মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেছেন।
আইসিজেতে উত্থাপিত অভিযোগে বলা হয়, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক দমন-পীড়নের সময় একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে দেওয়া এক ধর্মীয় ভাষণে সিতাগু সায়াদাও অ-বৌদ্ধদের পশুর সঙ্গে তুলনা করে রোহিঙ্গাদের হত্যা বৈধ বলে উপস্থাপন করেছিলেন। ওই ভাষণে তিনি বলেছিলেন, ‘রোহিঙ্গাদের হত্যা করা পাপ নয়, কারণ তারা বৌদ্ধ নয়… তারা পশুর মতো।’
পরবর্তীতে ওই বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দেয় মিয়ানমারের সেনাবাহিনী। এই বক্তব্যকে গণহত্যায় উসকানি হিসেবে উল্লেখ করে আইসিজেতে তার ভূমিকার বিষয়টি আলোচনায় আনা হয়।
তবে কট্টর জাতীয়তাবাদী এই ধর্মীয় নেতা, যিনি ‘শ্বে কিয়িন’ বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান, বুধবার (২৮ জানুয়ারি) দাবি করেন, আইসিজেতে দায়ের করা মামলায় তাকে ব্যক্তিগতভাবে অভিযুক্ত করা হয়নি।
তিনি বলেন, আদালতে উপস্থাপিত তার ওই উপদেশ ‘সামান্য বিতর্ক তৈরি করেছে’, তবে এতে কোনো অপরাধমূলক বা সমস্যাজনক দিক নেই।
মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, মিয়ানমারের প্রভাবশালী কিছু বৌদ্ধ ধর্মীয় নেতার বক্তব্য রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা ও ঘৃণাকে উসকে দিয়েছে, যা ২০১৭ সালের গণহত্যামূলক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


