মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাবে জেট জ্বালানির সংকট দেখা দেওয়ায় অভ্যন্তরীণ ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার ও ভিয়েতনাম।
রোববার (২২ মার্চ) মিয়ানমারের জাতীয় বিমান সংস্থা জানায়, ‘অপরিহার্য পরিস্থিতির’ কারণে তারা কিছু অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করবে। যদিও বিস্তারিত কারণ উল্লেখ করা হয়নি, তবে জ্বালানি সংকটই এর প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, ভিয়েতনামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে ভিয়েতনাম এয়ারলাইন্স সাময়িকভাবে কয়েকটি রুটে ফ্লাইট বন্ধ করবে। এতে প্রতি সপ্তাহে প্রায় ২৩টি ফ্লাইট বাতিল হবে।
তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা মধ্যপ্রাচ্যের সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলেছে। জেট জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সরবরাহ সংকট তৈরি হয়েছে, যা বিমান সংস্থাগুলোকে ফ্লাইট কমাতে বাধ্য করছে বলে ধারণা সংশ্লিষ্টদের।
তবে ভিয়েতনাম কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ রুট ও আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখা হবে। পাশাপাশি আন্তর্জাতিক রুটে অতিরিক্ত জ্বালানি সারচার্জ আরোপের বিষয়েও ভাবা হচ্ছে।
এদিকে ইউনাইটেড এয়ারলাইন্স-ও জানিয়েছে, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় তারা তাদের ফ্লাইট সক্ষমতা কমাচ্ছে। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

