মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বসবাসরত মিয়ানমার নাগরিকদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রায় ৪ হাজার মিয়ানমার নাগরিকের টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) বাতিল করার পরই এ ঘোষণা দেয় জান্তা সরকার।

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মিন অং হ্লাইং বলেন, যুক্তরাষ্ট্রে টিপিএস বাতিল হওয়া প্রায় ৪ হাজার মিয়ানমার নাগরিককে আমরা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। তারা যদি ভোটার তালিকায় থাকে, তবে তাদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে জান্তা সরকার আসন্ন নির্বাচনের বৈধতা প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় এবং আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রচেষ্টা চালাচ্ছে।

গত সোমবার মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) ঘোষণা করে যে তারা মিয়ানমার নাগরিকদের টিপিএস সুবিধা বাতিল করছে। বিভাগটি জানায়, বর্তমান পরিস্থিতির মূল্যায়নে দেখা গেছে- মিয়ানমার নাগরিকদের এখন দেশে “নিরাপদে ফিরে যাওয়া সম্ভব”, কারণ দেশটিতে “শাসনব্যবস্থার উন্নতি” ও “স্থিতিশীলতা” ফিরে এসেছে এবং সেনা সরকারের তত্ত্বাবধানে “স্বাধীন ও সুষ্ঠু” নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।

মার্কিন ঘোষণাকে স্বাগত জানিয়ে মিয়ানমার জান্তা দ্রুত জানায়, যুক্তরাষ্ট্রে থাকা নাগরিকদের দেশে ফিরে আসতে, আসন্ন নির্বাচনে ভোট দিতে এবং “দেশ গঠনে ভূমিকা রাখতে” উৎসাহিত করা হচ্ছে।

উল্লেখ্য, মিয়ানমারের জাতীয় নির্বাচনের প্রথম ধাপ শুরু হওয়ার কথা ডিসেম্বরের শেষ দিকে।