মিয়ানমারের প্রায় ৮০টি শহরে ইন্টারনেট এবং ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে জান্তা সরকার। শুক্রবার (১৫ মার্চ) মতপ্রকাশের স্বাধীনতার সংগঠন ‘আথান’-এর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাবতী।
ইন্টারনেট ও ফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়া শহরগুলোর মধ্যে ১৭টি রাখাইন রাজ্যে। এছাড়াও সাগাইং অঞ্চলের ৩৪ শহরের মধ্যে ২৭টি ও কায়াহ রাজ্যের সাতটি শহরের মধ্যে পাঁচটি শহর এই তালিকা রয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।
শান, চিন, কাচিন এবং মোন রাজ্য এবং তানিনথারি, ম্যাগওয়ে, বাগো এবং আইয়ারওয়াদি অঞ্চলের শহরগুলোতেও ইন্টারনেট এবং টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বেশিরভাগ শহরে ইন্টারনেট ও ফোন দুটিরই লাইন কেটে দেওয়া হয়েছে। আবার কিছু শহরে শুধু ইন্টারনেট বন্ধ কিংবা গতি কমিয়ে দেওয়া হয়েছে।
আথান বলেছে, রাখাইনের রাজধানী সিত্তওয়েতে সামরিক মালিকানাধীন টেলিকম সরবরাহকারী মাইটেল গত ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর ছিল। তারপর সব ওয়াই-ফাই এবং মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়।
তবে দুই রাখাইন বাসিন্দা ইরাবতীকে বলেছেন, জান্তা-মালিকানাধীন টেলিকম অপারেশন মাইটেল এবং এমপিটি বৃহস্পতিবার (১৪ মার্চ) সিটওয়েতে কাজ করেছে। এক বাসিন্দা বলেন, কিছু এলাকায় ফোন লাইন পুনরুদ্ধার হয়েছে কিন্তু ইন্টারনেট সংযোগ নেই।
আথান বলেছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের কারণে ব্যাংকিং পরিষেবা এবং অনলাইন আর্থিক স্থানান্তর বন্ধ হয়ে গেছে।
গত বছর ওয়াশিংটন-ভিত্তিক ফ্রিডম হাউজের বার্ষিক প্রতিবেদন অনুসারে সবচেয়ে খারাপ ইন্টারনেট স্বাধীনতার দিক দিয়ে চীনের পরই মিয়ানমারের অবস্থান।
আরাকান আর্মি গত বছরের নভেম্বর থেকে উত্তর রাখাইন রাজ্যজুড়ে জান্তার বিরুদ্ধে লড়াই করে আসছে। তারা প্রায় ১৮০টি জান্তা ঘাঁটি, ৯টি শহর ও দক্ষিণ চিন রাজ্যের শহর পালেতওয়ার পুরোটা দখল করেছে।
-পার্বত্য সময়

