মিয়ানমারের সেনাবাহিনীর মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ উদ্বেগজনক হারে বেড়েছে। কাঠামোগত নির্যাতন, সংঘবদ্ধ ধর্ষণ ও শিশুদের বিরুদ্ধে নির্যাতনের তথ্য উল্লেখ করে মঙ্গলবার জাতিসংঘের তদন্ত সংস্থা ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার (আইআইএমএম) এ তথ্য জানিয়েছে।
আইআইএমএম আরও জানিয়েছে, চলমান সংঘাতের তীব্রতার কারণে গত ছয় মাসে ৩০ লাখেরও বেশি মানুষ বাস্তুহারা হয়েছে।
জাতিসংঘের আইআইএমএম-এর প্রধান নিকোলাস কৌমজিয়ান বলেন, মিয়ানমারজুড়ে ভয়াবহ বর্বরতা ও অমানবিকতার প্রমাণ সংগ্রহ করা হয়েছে। গত এক বছরে মিয়ানমারে সংঘাতের হার বেড়েছে।
জাতিসংঘের পর্যবেক্ষকরা জানিয়েছেন, মিয়ানমারে স্কুল, ধর্মীয় স্থাপনা ও হাসপাতালগুলোতে আক্রমণ, শিরশ্ছেদ ও যৌন নিপীড়নের মতো সহিংস যুদ্ধাপরাধের প্রমাণ রয়েছে।
জাতিসংঘ বর্তমানে সেনাবাহিনীর বিরোধীদের অবৈধ আটক এবং নির্যাতনের প্রমাণ সংগ্রহ করছে বলে জানা গেছে।
গত বছরের জুলাই থেকে গত জুন মাস পর্যন্ত সময়কার প্রতিবেদনে আইআইএমএম বলেছে, এই সময়ে মিয়ানমারে উল্লেখযোগ্য হারে সংঘাত বেড়েছে।

-পার্বত্য সময়