মিয়ানমারে জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং বলেছেন, ২০২৫ সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগামী ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে জনশুমারি এবং ভোটার তালিকা হালনাগাদের কাজ চালানো হবে। 
রোববার (১ সেপ্টেম্বর) এক বৈঠকের পর টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি জানান, এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে সরকার।
সর্বশেষ ২০১৯ সালের জাতীয় নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতায় আসীন হয় সূচির দল এনএলডি। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন জেনারেল হ্লাইং। তিনি তখন থেকে দেশটির সামরিক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে গণতন্ত্রপন্থী আন্দোলন এবং জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইতোমধ্যেই দেশের এক পঞ্চমাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে। এই পরিস্থিতিতে, ২০২৫ সালে নির্বাচন হলে পশ্চিমা বিশ্ব সেটিকে স্বীকৃতি দেবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়াও অং সান সু’চি কারাবন্দি এবং তার দল এনএলডিকে বিলুপ্ত ঘোষণার পর নির্বাচন প্রশ্নবিদ্ধই থেকে যাবে বলে অনুমান করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
তবে চীন ইতোমধ্যেই মিয়ানমারকে জনশুমারি, ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচন পরিচালনায় প্রযুক্তিগত ও লজিস্টিক সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। এটা মিয়ানমারের নির্বাচনী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

-পার্বত্য সময়