নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূত দায়িত্ব গ্রহণ উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান।

বৈঠকে রাষ্ট্রদূত সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে জাপান সফরের আমন্ত্রণ জানান।

আলোচনায় বাংলাদেশ–জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে। বিশেষ করে কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন কর্মসূচি (ইএসডিপি) আওতায় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। জাপানে কর্মসংস্থানে আগ্রহী বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং জাপানি ভাষা প্রশিক্ষণ সম্প্রসারণের বিষয়টি আলোচনায় অগ্রাধিকার পায়।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তথ্যপ্রবাহ সহজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জাপানি নিয়োগকর্তা ও দক্ষ বাংলাদেশি কর্মীদের সংযুক্ত করতে একটি ডিজিটাল ম্যাচমেকিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার প্রস্তাব দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদি আমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নিয়ামত উল্লাহ ভূঁইয়া এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

এর আগে রাষ্ট্রদূত শিনিচি সাইদা পৃথকভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশ–জাপান সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের ধারাবাহিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।