ইন্দোনেশিয়ার উপকূলে একটি নৌকা ডুবে মিয়ানমারের ৭০ জনের বেশি রোহিঙ্গা নাগরিক নিহত অথবা নিখোঁজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে। তারা বাংলাদেশ থেকে যাত্রা করেছিল।

শুক্রবার (২২ মার্চ) জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এক যৌথ বিবৃতিতে এই কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। নিহতের সংখ্যা নিশ্চিত হলে এ বছর এটিই হবে সাগরপথে রোহিঙ্গাদের সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।

বুধবার (২০ মার্চ) জেলেরা ৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধর করার সময় সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছিল। আচেহ এর এক জেলে সম্প্রদায় বলেছে, তীব্র স্রোতে নৌকা উল্টে যাওয়ার পর তারা এর তলদেশের ওপর দাঁড়িয়ে ছিল।

ইউএনএইচসিআর এর মুখপাত্র বারবারা বালুচ বলেন, নৌকাটিতে ১৫১ জন ছিল। নৌকাটি থেকে ৪৪ জন পুরুষ, ২২ জন নারী এবং ৯টি শিশুকে জীবিত উদ্ধার করা হয়। বাকিরা মারা গেছে কিংবা নিখোঁজ হয়েছে।

আচেহ প্রদেশে ইউএনএইচসিআর এর প্রটেকশন অ্যাসোসিয়েট ফয়সাল রেহমান বলেন, বেঁচে যাওয়া রোহিঙ্গারা ভাল আছে। তাদেরকে আচেহ পশ্চিমাঞ্চলে রেডক্রসের একটি ভবনে রাখা হয়েছে। বেশির ভাগকেই আচেহ প্রদেশের বারাত জেলার একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

 

-পার্বত্য সময়