কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)কে ৫০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি সেবা নিশ্চিত করতে এই সহায়তা ব্যয় করা হবে। আইওএম এই অর্থায়নে সাতটি ঘনবসতিপূর্ণ ক্যাম্পে লাইফ-সেভিং ওয়াশ (পানি, স্যানিটেশন ও হাইজিন) কার্যক্রম জোরদার করবে।
এ ছাড়া ১৭টি ক্যাম্পে বসবাসরত ৪১ হাজার ৫০০ রোহিঙ্গা পরিবারকে নিয়মিতভাবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ করা হবে, যাতে নিরাপদ ও টেকসই জ্বালানির মাধ্যমে রান্নার সুবিধা বজায় থাকে।
দক্ষিণ কোরিয়া সরকারের এই সহায়তাকে রোহিঙ্গাদের মানবিক সুরক্ষা ও মৌলিক চাহিদা পূরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে আইওএম।


