ভাষা ও ভৌগোলিক সীমারেখা পেরিয়ে প্রেমের টানে বাংলাদেশে এসেছেন শ্রীলঙ্কার এক তরুণী। ফেনীর দাগনভূঞা উপজেলায় এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইয়াছিনের ছেলে এজাজ আহমেদ শিহাবের সঙ্গে শ্রীলঙ্কান নাগরিক ইশারা মাট্টির পরিচয় হয় ওমানে কর্মসূত্রে। সেখানে একটি টেক্সটাইল প্রতিষ্ঠানে সহকর্মী হিসেবে কাজ করার সময় তাদের বন্ধুত্ব গড়ে ওঠে, যা একপর্যায়ে প্রেমের সম্পর্কে রূপ নেয়। দীর্ঘ তিন বছর সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

ওমানে আইনি জটিলতার কারণে সেখানে বিয়ে সম্ভব না হওয়ায় দু’জন নিজ নিজ দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী গত ৩১ জানুয়ারি শিহাব দেশে ফেরেন। পরে ২৩ ফেব্রুয়ারি ইশারা মাট্টি বাংলাদেশে এসে সরাসরি শিহাবের বাড়িতে ওঠেন।

শিহাবের পরিবার ভিনদেশি এই বধূকে আন্তরিকভাবে গ্রহণ করে। পরিবারের সদস্যদের সম্মতিতে ইশারা মাট্টি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নতুন নাম রাখা হয় জান্নাতুল ফেরদৌস জান্নাত (২৭)। এরপর পারিবারিক ও ধর্মীয় রীতিতে পাঁচ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

স্থানীয়দের ভাষ্য, ভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষ হওয়া সত্ত্বেও ভালোবাসার টানে জান্নাতের এই সিদ্ধান্ত এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে তিনি শ্বশুরবাড়িতে স্বাচ্ছন্দ্য ও আনন্দের সঙ্গে সময় কাটাচ্ছেন।

এজাজ আহমেদ শিহাব জানান, ওমানে থাকার সময় থেকেই তাদের প্রেমের সম্পর্ক ছিল। দেশটির আইনে বিয়ের সুযোগ না থাকায় দেশে ফিরে তারা বিয়ে করেছেন। তিনি বলেন, ধর্ম পরিবর্তনসহ সব বিষয় উভয় পরিবারের সম্মতিতেই হয়েছে এবং স্ত্রী তার নতুন জীবনে সন্তুষ্ট।