ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিবে শনিবার রাতে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিক্ষোভকারীরা সরকারের নীতির তীব্র সমালোচনা করে দ্রুত জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। বিশেষ করে গত ৭ অক্টোবরের ঘটনার পর সরকারের ভূমিকা নিয়ে তদন্তের দাবিই ছিল তাদের প্রধান স্লোগান।

বিক্ষোভে অংশ নেওয়া রাফায়েল পিনাইনা বলেন, “নেতানিয়াহু ভেতর থেকে আমাদের সমাজকে ধ্বংস করছেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নষ্ট করছেন। এ কারণেই আমি প্রতিবাদে অংশ নিয়েছি।”

তিনি আরও বলেন, “এখানকার মানুষ বর্তমান ও পরবর্তী সরকারের কাছে ৭ অক্টোবর ও পরবর্তী ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছে। কারণ, সত্য জানার অধিকার সবারই রয়েছে।”

সমাজকর্মী লি হফম্যান-আজিভ বলেন, “আমি এখানে এসেছি ৭ অক্টোবর এবং এর পরবর্তী সংঘাতে যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সংহতি জানাতে।”

আরেক বিক্ষোভকারী হাইম ট্রিভ্যাক্স বলেন, “লেবানন ও ইরানে যুদ্ধের সিদ্ধান্ত ছিল ভুল। নেতানিয়াহু দেশের স্বার্থে নয়, বরং ব্যক্তিগত স্বার্থে এসব পদক্ষেপ নিচ্ছেন।”

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাত, নিরাপত্তা পরিস্থিতি এবং সরকারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ক্রমেই বাড়ছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে এই বিক্ষোভে। বিক্ষোভকারীরা বলছেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।