ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি সতর্ক করে বলেছেন, “বাঙালিদের রোহিঙ্গা বলা হলে গলায় অ্যাসিড ঢেলে দেওয়া হবে।”
শনিবার (৬ সেপ্টেম্বর) মালদহের মালতিপুর বিধানসভার এনায়েতনগরে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। সভাটি অনুষ্ঠিত হয় ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে।
আব্দুর রহিম বক্সি অভিযোগ করেন, “বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকরা আক্রান্ত হলেও বাংলায় বিজেপির নেতা-বিধায়করা প্রতিবাদ করেন না।”
ধারণা করা হচ্ছে, তিনি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে লক্ষ্য করে এই মন্তব্য করেন। শঙ্করের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি বিধানসভায় বাঙালি শ্রমিকদের ‘রোহিঙ্গা’ ও ‘বাংলাদেশি’ বলে আখ্যা দিয়েছেন।
এর আগে, পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে বিজেপি নেতাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে আব্দুর রহিম হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “যে চোখ দিয়ে বাংলার মানুষকে বাংলাদেশি ভাবছে বিজেপি, সেই চোখ উপড়ে নেওয়া হবে।”

-পার্বত্য সময়