হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ‘তামাশা’ আখ্যা দিয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়টি এখন আর সম্মানজনক কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি ঘৃণা ও মূর্খতা ছড়ায়।
বুধবার (১৬ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন।
তিনি বলেন, “হার্ভার্ডকে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রাখার কোনো যৌক্তিকতা নেই। এ ধরনের প্রতিষ্ঠানকে আর কোনো কেন্দ্রীয় সরকারি তহবিল দেওয়া উচিত নয়।”
হার্ভার্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র সরকারের রাজনৈতিক তদারকির বিষয়গুলো মানতে অস্বীকৃতি জানিয়েছে। তাই তাদের কর-ছাড় সুবিধাও বাতিল করা উচিত।
এরই ধারাবাহিকতায় ট্রাম্প প্রশাসন অভ্যন্তরীণ রাজস্ব সংস্থাকে (IRS) হার্ভার্ডের কর-ছাড় সুবিধা বাতিলের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বলে জানিয়েছে সিএনএন ও ওয়াশিংটন পোস্ট। শুধু তাই নয়, ট্রাম্প হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত ২২০ কোটি মার্কিন ডলারের ফেডারেল তহবিলও স্থগিত করার নির্দেশ দিয়েছেন।
বিশ্বখ্যাত এই বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত ১৬২ জন নোবেলজয়ী বের হয়েছেন। তবে ট্রাম্পের বক্তব্যের জবাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেন, “আমরা আমাদের প্রতিষ্ঠানিক স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকারের প্রশ্নে কোনো আলোচনায় যাবো না।”
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, হার্ভার্ডসহ অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো অতিমাত্রায় ‘বামপন্থী’ আদর্শে বিশ্বাসী। তবে হার্ভার্ডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান এখনো ট্রাম্প প্রশাসনের দাবির মুখে নতি স্বীকার করেনি, যেখানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ অনেকেই আংশিকভাবে তদারকি মেনে নিয়েছে।
-পার্বত্য সময়


