যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় মার্কিন সেনাবাহিনী মোতায়েন অথবা বিমান হামলা চালানোর হুমকি দিয়েছেন।

রোববার (২ নভেম্বর) তিনি বলেছেন, পশ্চিম আফ্রিকার দেশটিতে "খুব বড় পরিসরে" খ্রিস্টান হত্যাকাণ্ড বন্ধ করার লক্ষ্যেই এই ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

সপ্তাহান্তে ফ্লোরিডায় ছুটি কাটিয়ে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন।

নাইজেরিয়ায় স্থলসেনা মোতায়েন না কি বিমান হামলার কথা ভাবা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হতে পারে। মানে, আরও অনেক কিছু হতে পারে। আমি অনেক কিছুই ভাবছি। নাইজেরিয়ায় রেকর্ড সংখ্যক খ্রিস্টানকে হত্যা করা হচ্ছে। তারা খ্রিস্টানদের হত্যা করছে, এবং খুব বড় পরিসরে হত্যা করছে। আমরা তা হতে দেব না।

এর আগে শনিবারও (১ নভেম্বর) ট্রাম্প একই ধরনের হুমকি দিয়েছিলেন। তিনি দাবি করেন, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে খ্রিস্টানদের হত্যা করা হচ্ছে এবং এই হত্যাকাণ্ড বন্ধ করতে নাইজেরিয়া ব্যর্থ হলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

ট্রাম্পের এই সামরিক হুমকির মাত্র একদিন আগেই, তার প্রশাসন নাইজেরিয়াকে "বিশেষ উদ্বেগের দেশ" হিসেবে তালিকাভুক্ত করে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, এই দেশগুলো পদ্ধতিগতভাবে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করেছে। নাইজেরিয়া ছাড়াও এই তালিকায় চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া ও পাকিস্তানের মতো দেশগুলো রয়েছে।