মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান দ্রুত শেষ করতে আগ্রহী, যদিও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত হয়নি। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প মনে করছেন জোরপূর্বক প্রণালি খুলতে গেলে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক লক্ষ্য- ইরানের নৌ সক্ষমতা দুর্বল করা ও ক্ষেপণাস্ত্র মজুদ ক্ষতিগ্রস্ত করা- অনেকটাই অর্জিত হয়েছে বলে মনে করছে ওয়াশিংটন।

এ অবস্থায় সরাসরি সামরিক পদক্ষেপের বদলে কূটনৈতিক চাপের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে চায় যুক্তরাষ্ট্র। প্রয়োজনে প্রণালি উন্মুক্ত করার দায়িত্ব ইউরোপীয় ও উপসাগরীয় মিত্রদের ওপর ছেড়ে দেওয়ার কথাও ভাবা হচ্ছে।

বর্তমানে ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার হলো যুদ্ধ থামানো ও আঞ্চলিক উত্তেজনা কমানো। বিশ্লেষকদের মতে, এই অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে, কারণ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ।