নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী হামলার আশঙ্কায় বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশটির ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এ সংক্রান্ত ভ্রমণ সতর্কতা জারি করে।
সতর্কতা নোটিশে বলা হয়েছে, এফসিডিওর পরামর্শ উপেক্ষা করে বাংলাদেশ ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে সতর্ক পরিকল্পনা গ্রহণ ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এফসিডিও জানিয়েছে, অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভ্রমণ এড়িয়ে চলা উচিত। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় জরুরি প্রয়োজন ব্যতীত সব ধরনের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। নোটিশে বলা হয়, এসব অঞ্চলের প্রত্যন্ত এলাকায় সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়মিত খবর পাওয়া যায়।
এতে আরও উল্লেখ করা হয়, যেসব এলাকায় ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দেওয়া হয়, সেখানে যুক্তরাজ্য সরকারের সহায়তা প্রদানের সক্ষমতা মারাত্মকভাবে সীমিত থাকে।
নির্বাচন প্রসঙ্গে নোটিশে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এই সময় রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী হামলার ঝুঁকি রয়েছে। রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা কিংবা নির্বিচার সহিংসতার ঘটনাও ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এফসিডিও নাগরিকদের নিজেদের আশপাশ সম্পর্কে সচেতন থাকতে, বড় জমায়েত ও সংবেদনশীল স্থান এড়িয়ে চলতে এবং পুলিশ বা নিরাপত্তা বাহিনীর নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সম্ভাব্য বিঘ্ন মোকাবিলায় বিকল্প ভ্রমণ পরিকল্পনা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


