প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জ্বালানি সহযোগিতা, উন্নয়ন অংশীদারিত্ব এবং রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক মন্ত্রীর সঙ্গেও তার কথা হয়েছে, তবে কূটনৈতিক কারণে বিস্তারিত এখনই প্রকাশ করা সম্ভব নয়।
জ্বালানি আমদানি প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে যেখান থেকেই সম্ভব- ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র বা রাশিয়া সব উৎস থেকেই জ্বালানি আমদানির চেষ্টা চালাচ্ছে। রাশিয়ার তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়া হয়েছে- এমন প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও তিনি মন্তব্য করেন।
সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর হাতে দুটি ঐতিহাসিক ছবি এবং হোয়াইট হাউসের একটি প্রতিকৃতি তুলে দেন। একটি ছবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার–কে দেখা যায়। অন্য ছবিতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ।
এ সময় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


