যুক্তরাষ্ট্র এমন কোনো সংঘাতে জড়াবে না যা বছরের পর বছর ধরে চলবে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পএর একটিই সুস্পষ্ট লক্ষ্য—ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা।
ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম কয়েক বছর ইরানি পারমাণবিক অস্ত্রের ঝুঁকি থেকে দেশকে নিরাপদ রাখতে চান না, বরং স্থায়ীভাবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে চান। এ লক্ষ্য পূরণে ইরানের শাসনব্যবস্থার মানসিকতায় মৌলিক পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমান পরিস্থিতি দীর্ঘমেয়াদি হবে না এবং ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে বহু বছরের যুদ্ধে জড়াতে দেবেন না।
তিনি উল্লেখ করেন, ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্র যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল, সেই ধরনের পরিস্থিতিতে ফেরার কোনো ইচ্ছা নেই।
এছাড়া ভ্যান্স দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কেবল বেসামরিক সমৃদ্ধকরণ কর্মসূচির জন্য নয়; বরং সেগুলো পারমাণবিক অস্ত্র উন্নয়নের উদ্দেশ্যেই তৈরি।