প্ল্যাস্টিক দূষণ একটি বৈশ্বিক বিপর্যয় এবং দুঃখজনকভাবে এটি মানবসৃষ্ট। আপনি কি জানেন যে প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজার কোটি প্ল্যাস্টিকের ব্যাগ বিশ্বব্যাপী ব্যবহৃত হয়? পৃথিবীজুড়ে এই ব্যাগগুলির মধ্যে কতগুলি শেষ পর্যন্ত যথাযথভাবে প্রক্রিয়াজাত করা হবে তা চিন্তা করুন। এটি পরিবেশ, বন্যজীবন এবং প্রকৃতপক্ষে মানুষের স্বাস্থ্যের উপর চরম ক্ষতিকারক প্রভাব ফেলছে।
বিশেষত সামুদ্রিক বাস্তুসংস্থান প্ল্যাস্টিক দূষণের ফলে প্রচুর ক্ষতিগ্রস্থ হচ্ছে। সামুদ্রিক প্ল্যাস্টিক ৩১ প্রজাতির সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের পেটে যাচ্ছে, ১০০ টিরও বেশি প্রজাতির সমুদ্র পাখিদের পাকস্থলীতে প্ল্যাস্টিকের নমুনা পাওয়া গিয়েছে। বলা যায় ২৫০টিরও বেশি প্রজাতি প্ল্যাস্টিক দূষণের শিকার হচ্ছে।
এই দূষণটি অত্যন্ত বিপজ্জনক, যা জীববৈচিত্র্যে বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে। আমরাও এই প্রভাবের বাইরে নই। সমুদ্রের প্ল্যাস্টিকের কণা বিষাক্ত উপাদানগুলিকে আকর্ষণ করে, এই বিষক্রিয়াগুলি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করার ফলে আমাদের ক্ষতিসাধন করে।
প্ল্যাস্টিক দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করা এবং বহনের কাজে পচনশীল ব্যাগ ব্যবহারে উৎসাহিত করার তাগিদে প্রতি বছর ৩ জুলাই বিশ্বব্যাপি আন্তর্জাতিক প্ল্যাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালিত হয়।
বিশ্বের অনেক দেশের সরকার প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করেছে। কোনো কোনো দেশ আবার নিষিদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করছে। এটি অস্বীকার করা সহজ নয় যে, বহু বছর ধরে এই ব্যাগ ব্যবহার করতে করতে আমরা সেগুলোতে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছি যে এই ব্যাগ ছাড়া আমাদের দৈনন্দিন জীবনের কথা কল্পনাই করতে পারি না। বাজারে বা দোকানে বিনামূল্যে প্লাস্টিকের ব্যাগগুলোর অনিয়ন্ত্রিত বিতরণ হয়ে আসছে। আমরা ভোক্তারাও এর ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছি। আমাদের মতো এত বেশি পরিমাণে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা পরিবেশ দূষণের অন্যতম একটি কারণ।
২০১৭ সালের শেষের দিকে সুদূরপ্রসারী এক সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া। সিদ্ধান্ত অনুযায়ী, কেনিয়ার কোথাও প্লাস্টিক ব্যাগ উৎপাদন করা যাবে না। ব্যবহারও করা যাবে না। কেউ নতুন নিয়ম না মানলে তার চার বছর পর্যন্ত জেল এবং ৩৮ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। পরিসংখ্যান বলছে, মাসে কেনিয়ায় প্রায় ২৪ মিলিয়ন প্লাস্টিক ব্যাগ ব্যবহৃত হতো। এর সুফল পেয়েছে কেনিয়া। কমতে শুরু করেছে প্লাস্টিকসামগ্রীর ব্যবহার। আমাদের দেশেও পলিথিন ব্যবহারে আইন আছে। তবুও ব্যবহার হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়।
আইন প্রয়োগে কঠোর হতে হবে পরিবেশের স্বার্থে। প্রয়োজনে আইনকে আরও যুগোপযোগী করতে হবে। প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় ৫০০ বিলিয়ন প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয়, যা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর। কারণ ব্যবহৃত প্লাস্টিক শেষ পর্যন্ত নদী, সাগর ও কৃষিজমিতে স্থান পায় এবং সেসব গলতে বা টুকরো হতে বহু বছর সময় লেগে যায়। ফলে মাটি ও পানির দূষণ অব্যাহত থাকে।
কোনো পণ্য কেনার পর প্লাস্টিকের ব্যাগের বদলে কাপড় বা পাটের ব্যাগে নেওয়া যায়। প্লাস্টিকের কাপের বদলে কাচ বা মাটির মগ ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি কমে। প্লাস্টিকের পরিবর্তে স্টিলের চামচ কিংবা কাগজ দিয়ে চকলেটজাতীয় খাবার মোড়ানো যায়। এগুলোকে বর্তমানে প্লাস্টিকের বিকল্প বলা হলেও একসময় মানুষ এসবেই অভ্যস্ত ছিল। বেঁচে থাকার তাগিদেই প্লাস্টিক, বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করতে হবে।
ব্যাগ এবং প্রয়োজনীয় পণ্য উৎপাদন হতে পারে পাটের মতো পরিবেশবান্ধব পণ্য দিয়ে। পাট যেমন স্বাস্থ্যকর সবজি, তেমনি পাট থেকে তৈরি হয় মজবুত সুতা। তা ছাড়া পাট প্রাকৃতিক আঁশ এবং দামেও সস্তা। ব্যবহারের দিক থেকে তুলার পরেই পাটের স্থান। তা ছাড়া পাট মজবুত ও টেকসই হলেও তা রিসাইকেল করাও সম্ভব। পাটের তৈরি ব্যাগ দেখতে সুন্দর, আধুনিক ও মজবুত। এই ব্যাগ ব্যবহারে যেমন পকেটের পয়সা বাঁচবে, তেমনি পরিবেশ সুরক্ষাও হবে। সোনালি ব্যাগ (গোল্ডেন ব্যাগ) বাংলাদেশের একটি উল্লেখযোগ্য উদ্ভাবন পাটের তৈরি এই বায়ো-প্লাস্টিকের ব্যাগ। পাট থেকে নিষ্কাশিত সোনালি ফাইবার বা আঁশ থেকে এই ব্যাগ তৈরি করা হয়। প্লাস্টিকের মতো দেখতে এই ব্যাগ তৈরির খরচ কম। সোনালি ব্যাগ সাধারণ প্লাস্টিকের ব্যাগের চেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্যাগটি পচে যায়। সোনালি ব্যাগ সম্পূর্ণ পরিবেশবান্ধব। পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এটি মাটিতে পচে যায়, যেখানে পলিথিন কয়েকশ বছর সময় নেয়।
আন্তর্জাতিক প্ল্যাস্টিক ব্যাগ মুক্ত দিবসটি “ব্যাগ ফ্রি ওয়ার্ল্ড” শুরু করেছিল। এটি বিশ্বব্যাপী একটি প্ল্যাস্টিক ব্যাগের একক-ব্যবহার থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে বিশ্বব্যাপী উদ্যোগ হিসাবে চালু করা হয়েছিল। এটি আমাদের সকলকে প্ল্যাস্টিকের ব্যাগ ব্যবহার থেকে দূরে থাকতে এবং পরিবর্তে আরও পরিবেশবান্ধব বিকল্পগুলি খুঁজে নিতে উৎসাহিত করে। আমরা যদি বছরের একটি দিনে এমনটি করতে পারি, তবে আমরা বছরের বাকি সময় এই অভ্যেসটি রপ্ত করতে পারি। সামুদ্রিক জীবন, প্রাণীজন্তু এবং প্রকৃতিতে যে প্রভাব পড়ছে সেগুলির ক্ষেত্রে প্ল্যাস্টিকের ব্যাগগুলির সাথে সম্পর্কিত ঝুঁকিগুলি এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রেও দিনটি গুরুত্বপূর্ণ। তাই আসুন প্ল্যাস্টিক ব্যাগের পরিবর্তে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করি, পরিবেশ সংরক্ষণে সচেতন হই।
-পার্বত্য সময়

