মিয়ানমারের রাখাইন রাজ্যে আটক ২৭ বাংলাদেশি জেলেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছেন তাদের স্বজনরা। রোববার (২১ জুন) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ কর্মসূচি থেকে সরকারের প্রতি দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

স্বজনদের দাবি, জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে জেলেরা অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। এরপর মিয়ানমার নৌবাহিনী তাদের আটক করে রাখাইন রাজ্যের আকিয়াব (সিত্তে) এলাকায় নিয়ে যায় এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।

পরিবারগুলোর ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ ডিসেম্বর এবং ২০২৬ সালের ২৫ মার্চ পৃথক ঘটনায় এসব জেলে আটক হন। আটক ব্যক্তিদের বাড়ি ভোলা, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, লক্ষ্মীপুর, পিরোজপুর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।

আটক জেলেদের মধ্যে রয়েছেন— ভোলার চরফ্যাশনের মো. রফিক ও মো. লোকমান, নোয়াখালীর মো. আরিফুর রহমান, মজিবুর রহমান (মজিব), মো. শাহজাহান, জাবের হোসেন, মেটি তাহমীদ, মো. তামজীদ ও মো. সোহাগ, চট্টগ্রামের নুরুল আবছার, মো. আনোয়ার হোসেন, ইয়াকুব, মো. ওমর ফারুক ও মো. লিটন, কুমিল্লার জোবায়ের আহমেদ ও মো. সোহাগ হোসেন, লক্ষ্মীপুরের মো. জুয়েল, মো. আজিজ উল্লাহ, মো. নীরব, মো. রাকিব হোসেন, মো. মেজবাহ উদ্দিন, সাদ্দাম হোসেন ও ফরহাদ হোসেন, পিরোজপুরের মো. কামাল হোসেন, কক্সবাজারের তারেক রহমান এবং নোয়াখালীর হাতিয়ার মো. ফয়সাল ইসলাম রাব্বি।

মানববন্ধনে অংশ নেওয়া স্বজনরা বলেন, দীর্ঘদিন ধরে পরিবারের উপার্জনক্ষম সদস্যরা কারাগারে থাকায় তারা চরম আর্থিক ও মানবিক সংকটে পড়েছেন। অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। শিশুসন্তানরা বাবার অপেক্ষায় দিন গুনছে, আর বৃদ্ধ বাবা-মায়েরা প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় উদ্বিগ্ন সময় পার করছেন।

মানববন্ধনে বক্তব্য দেন ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও কর্মসূচির সমন্বয়ক আশরাফুল আলম হান্নান। তিনি বলেন, আটক জেলেদের পরিবারের সদস্যরা গত কয়েক মাস ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়ে তারা মানববন্ধনের আয়োজন করেছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারের কার্যকর কূটনৈতিক উদ্যোগ এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আটক জেলেরা দ্রুত দেশে ফিরতে পারবেন।

মানববন্ধনে বক্তারা মিয়ানমারে আটক বাংলাদেশি জেলেদের মুক্তি ও দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।