কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাটিচাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুনুশি (৭) একই ব্লকের বাসিন্দা জামাত হোসেনের ছেলে।
ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, “মঙ্গলবার মধ্যরাত থেকে উখিয়া সহ কক্সবাজারে থেমে থেমে হাল্কা, মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে রোহিঙ্গা ক্যাম্প এলাকার বিভিন্ন পাহাড়ের ঢাল ও খাদের বসত ঘরগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকে আকস্মিক পাহাড়ধ্বসের ঘটনা ঘটে। এতে মাটির বড় খন্ডের পাশাপাশি পাহাড়ধ্বসে খুঁয়ে আসা কয়েকটি পাথর জনৈক জামাত হোসেনের বসত ঘরের উপর চাপা পড়ে এক শিশু মারা যায়।”
তিনি জানান, দুর্ঘটনার পরপরই এপিবিএন সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবকেরা উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
এ নিয়ে চলতি বর্ষা মৌসুমে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।


